Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে মেডিকেল কলেজ ও শিক্ষণ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সংসদে


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৩ পিএম



কুড়িগ্রাম প্রতিনিধি:

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে সরকারি মেডিকেল কলেজ ও সংযুক্ত শিক্ষণ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জাতীয় সংসদে তুলে ধরেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুল আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে তিনি এ বিষয়ে জানতে চান।

সংসদ সদস্য মাহবুবুল আলম বলেন, কুড়িগ্রাম একটি বৃহৎ ও জনবহুল জেলা। উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা এবং উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগ সীমিত থাকায় জেলার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। জটিল ও বিশেষায়িত চিকিৎসার জন্য অনেক রোগীকে অন্য জেলা কিংবা রাজধানী ঢাকায় যেতে হয়। এতে তাদের সময়, অর্থ ও যাতায়াতের ওপর বাড়তি চাপ তৈরি হয়।

তিনি জানতে চান, কুড়িগ্রামসহ পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য আধুনিক চিকিৎসাসেবা সহজলভ্য করা, দক্ষ চিকিৎসক তৈরির সুযোগ সম্প্রসারণ এবং উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামে সরকারি মেডিকেল কলেজ ও সংযুক্ত শিক্ষণ হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, দেশের মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা ও নার্সিং শিক্ষার সম্প্রসারণ ও গুণগত মানোন্নয়ন সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

মন্ত্রী আরও জানান, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে চিকিৎসা ও নার্সিং শিক্ষার পরিধি সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কুড়িগ্রামবাসীর মতে, জেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ ও আধুনিক শিক্ষণ হাসপাতাল প্রতিষ্ঠা হলে চিকিৎসাসেবার পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগও বাড়বে। একই সঙ্গে কুড়িগ্রাম ও আশপাশের জেলার মানুষের বিশেষায়িত চিকিৎসার জন্য দূরবর্তী স্থানে যাওয়ার প্রয়োজনীয়তা অনেকটাই কমতে পারে।

বিশেষ করে মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস, শিশু, অর্থোপেডিকস, হৃদ্‌রোগ, নিউরোলজি, কিডনি রোগ, আইসিইউ ও জরুরি চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ বিভাগ গড়ে উঠলে জেলার স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

তবে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি পর্যাপ্ত শয্যাবিশিষ্ট শিক্ষণ হাসপাতাল, আধুনিক ল্যাবরেটরি, বিশেষায়িত বিভাগ ও প্রয়োজনীয় দক্ষ জনবল নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংসদে বিষয়টি উত্থাপনের মধ্য দিয়ে কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি নতুন করে আলোচনায় এসেছে। এখন জেলার মানুষের প্রত্যাশা, সরকারের স্বাস্থ্যশিক্ষা ও চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনার আওতায় কুড়িগ্রামে মেডিকেল কলেজ ও আধুনিক শিক্ষণ হাসপাতাল প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

Post a Comment

0 Comments