Ticker

6/recent/ticker-posts

ভুরুঙ্গামারী পাথরডুবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান



👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৫ পিএম


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচিতে পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, ইউনিয়ন হিসাব সহকারী মোঃ মোখলেছুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা অংশ নেন। এ ছাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। একই সঙ্গে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি বা ইউনিয়ন পরিষদের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাড়ির আঙিনা ও আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments