👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৮ এএম
নাগেশ্বরীর আপডেট নিউজ ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ভেরিফিকেশন শেষে নিয়োগপত্র পাননি বন্যা মল্লিক। নিজ উপজেলায় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করার পরও নিয়োগপত্র না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা জানান বন্যা মল্লিক।
পোস্টে তিনি উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে এটিই ছিল তার প্রথম আবেদন। উপজেলাভিত্তিক কাট মার্কের কারণে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন তিনি। কিন্তু ভেরিফিকেশন শেষে অন্যদের নিয়োগপত্র এলেও তার নিয়োগপত্র আসেনি।
নিজের শিক্ষাগত যোগ্যতা তুলে ধরে বন্যা মল্লিক জানান, তিনি ফার্মেসি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। নিজ উপজেলায় তার মেধাক্রম দ্বিতীয়। তার দাবি, শিক্ষাগত যোগ্যতার সনদসহ একাডেমিক কাগজপত্রে কোনো ধরনের সমস্যা নেই।
এ ছাড়া তার পরিবারের কেউ রাজনীতির সঙ্গে জড়িত নন। তার কিংবা পরিবারের কারও নামে কোনো ফৌজদারি মামলা নেই। স্থায়ী ঠিকানা, বসতবাড়ি কিংবা জমিজমা নিয়েও কোনো জটিলতা নেই বলে দাবি করেন তিনি।
এত কিছুর পরও নিয়োগপত্র না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বন্যা মল্লিক ফেসবুকে লেখেন, "তবুও আমার নিয়োগপত্র আসেনি। রাষ্ট্রের সম্ভবত মনে হয়েছে আমি প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ্য নই, তাই বাদ দিয়েছে। মেনে নিলাম।"
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও কেন নিয়োগপত্র পাননি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বন্যা মল্লিক। তবে তার নিয়োগপত্র না আসার প্রকৃত কারণ কিংবা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

0 Comments