Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ আনসার সদস্যের আবাসন নিশ্চিত, শীতের আগেই দেওয়া হলো খাট


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম


নিজস্ব প্রতিবেদক, নাগেশ্বরী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১০ জন সশস্ত্র আনসার সদস্যের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে। আসন্ন শীত মৌসুমে তাদের দুর্ভোগ কমাতে এবার খাটের ব্যবস্থাও করা হয়েছে।

জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন সশস্ত্র আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। দেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. সুজন সাহার নেতৃত্বে তাদের জন্য সুন্দর আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

আবাসনের পাশাপাশি আনসার সদস্যদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় রান্নার সামগ্রী হিসেবে গ্যাসের চুলা, রাইস কুকার, হাঁড়ি-পাতিল, টর্চলাইট, ছাতা, ফ্যান, লাইট ও ম্যাট্রেস সরবরাহ করা হয়েছে। সর্বশেষ আসন্ন শীত মৌসুমে মেঝেতে অবস্থান করে যেন তাদের কষ্ট করতে না হয়, সে জন্য ডা. সুজন সাহা তাদের জন্য খাটের ব্যবস্থা করেছেন।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. মোঃ রমজান আলী জানান, উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সীমিত সম্পদের মধ্যে সব চাহিদা পূরণ করা সম্ভব না হলেও মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন মেটাতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত মানুষের স্বাস্থ্যসেবার চাহিদার কতটুকু পূরণ করতে পারবেন, তা জানা নেই। তবে নিজেদের দায়িত্ব যথাসাধ্য পালন করে যাচ্ছেন। বাকি সবকিছু আল্লাহর ওপর ভরসা।

স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার এ উদ্যোগকে সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments