👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৮ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন প্রতিমা তৈরির স্থান পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন।
রোববার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশনায় নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদের নেতৃত্বে এসব স্থান পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক প্রধান, পুলিশ পরিদর্শক (তদন্ত), নাগেশ্বরী থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ।
পুলিশ সূত্রে জানা যায়, এ বছর নাগেশ্বরী থানা এলাকার চারটি স্থানে মোট ৬৩টি পূজামণ্ডপের জন্য প্রতিমা তৈরির কাজ চলছে। এর মধ্যে নাগেশ্বরী কলেজ মোড়ে ১২টি, গাগলা বাজারে ১৬টি, গোবর্ধনকুঠি নেওয়াশিতে ২৫টি এবং ভিতরবন্দের ডাকনিরপারে ৯টি পূজামণ্ডপের প্রতিমা তৈরি করা হচ্ছে।
পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে নিরাপত্তাব্যবস্থা, সম্ভাব্য হুমকি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রতিমা তৈরির স্থানগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে জেলা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

0 Comments