👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৫ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের ব্যক্তিগত সহকারী (এপিএস) এরশাদুল হকের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি প্রচারের অভিযোগে ছয় ব্যক্তির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার রাতে এ অভিযোগ দায়ের করা হয় বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, সম্প্রতি এক তরুণীকে ঘিরে আপত্তিকর অবস্থায় থাকা এক ব্যক্তির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগকারীর দাবি, ভিডিওটির সঙ্গে পঞ্চগড় জেলার ওলামা দলের এক সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে। তবে পরবর্তীতে কিছু ব্যক্তি ওই ভিডিও ও ছবিকে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এপিএস এরশাদুল হক এবং জামায়াতে ইসলামীর এক নেতার ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।
অভিযোগে আরও বলা হয়, এরশাদুল হক ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তার ছবি ও পরিচয় ব্যবহার করে ভিডিওটি প্রচারের ফলে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, তার এপিএস এবং জামায়াতে ইসলামীর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
এ ঘটনায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য-ভিডিও প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—আবদুল্লাহ আল লিমন, সেলিম মিয়া, সাইদুল ইসলাম, আরমান, জাহাঙ্গীর আলম ও ‘ন্যাশনালিষ্ট ফাইটার’।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

0 Comments