👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৩ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মন্দিশেরখামার এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭৩) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২১ সেপ্টেম্বর) নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার সকাল ১১টার দিকে মরহুমের নিজ বাসভবনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ডার, স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।
জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মকবুল হোসেনের মৃত্যুতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ প্রজন্মের আরও একজন বীর যোদ্ধাকে হারাল নাগেশ্বরী। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে শোকের আবহ নেমে এসেছে।

0 Comments