👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে ইয়েমেনের হুথিদের হামলা অব্যাহত থাকার মধ্যেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সৌদি আরব থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে আসতে পারে—বিনিয়োগকারীদের এমন প্রত্যাশার প্রভাবেই তেলের দামে এই পতন হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ০৬ ডলারে নেমে আসে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত শনিবার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইয়েমেনের হুথিরা। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি তেল স্থাপনাও ছিল।
তবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হুথিদের ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, সৌদি আরব থেকে জাহাজ চলাচল ও তেল সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এরই প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

0 Comments