👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ আগষ্ট ২০২৬, ২:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরীর আপডেট নিউজ
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে গত সোমবার (২৭ জুলাই ২০২৬) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম এবং কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ উচ্চপর্যায়ের টেকনিক্যাল টিম, পুলিশ প্রশাসনের প্রতিনিধিবৃন্দ ও জনপ্রতিনিধিরা প্রস্তাবিত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য প্রতিনিধিদল প্রধানত তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। স্থানগুলো হলো—
১. নালিয়ার দোলা (কুড়িগ্রাম সদর উপজেলার বাঞ্ছারাম ও সড়া মৌজা)
২. ধরলা সেতুর পূর্ব পাড়
৩. দাশের হাটের ছড়া/টগরাইহাট এলাকা।
পরিদর্শনকালে প্রতিনিধিদল ভূমির প্রকৃতি, নিচু ও উঁচু এলাকার পরিমাণ, খাসজমির উপযোগিতা, সড়ক, রেল ও নৌপথের যোগাযোগ ব্যবস্থা, পরিবেশগত উপযোগিতা এবং ভবিষ্যতে ক্যাম্পাস সম্প্রসারণের সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নীতিমালা, নির্ধারিত কারিগরি মানদণ্ড এবং সরেজমিনে প্রাপ্ত বাস্তব পরিস্থিতির সমন্বিত বিশ্লেষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) খুব শিগগিরই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য চূড়ান্ত নির্ধারিত ভূমির ঘোষণা দেবে।

0 Comments