👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২২ আগষ্ট ২০২৬, ৯:৫৭ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের হতদরিদ্র পরিবারের যুবক রাজু আহমেদ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। তার চিকিৎসায় প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। এমন পরিস্থিতিতে অসহায় রাজু ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন।
শনিবার বিকেলে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন রাজু আহমেদের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাজুর চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেন।
জানা গেছে, বিভিন্ন মাধ্যমে রাজু আহমেদের অসুস্থতার বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন। ব্যক্তিগতভাবে সহযোগিতার পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে রাজুর চিকিৎসার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।
এ সময় রাজুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজুর বড় ছেলে একজন মেধাবী শিক্ষার্থী। বাবার অসুস্থতার কারণে পরিবারের আর্থিক সংকট চরম আকার ধারণ করায় অর্থের অভাবে তার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন বলেন, “অর্থের অভাবে রাজু আহমেদের ছেলের লেখাপড়া যাতে বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করার চেষ্টা করা হবে। পাশাপাশি রাজুর চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সহযোগিতার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।”
এদিকে রাজুর পরিবার তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, বিভিন্ন প্রতিষ্ঠান ও সহৃদয় ব্যক্তিদের কাছে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছে। তাদের প্রত্যাশা, সবার সহযোগিতায় রাজু আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

0 Comments