👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ আগষ্ট ২০২৬, ১১:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত দিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা ও বেড সংকটের কারণে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রিপন নামে এক ব্যক্তি জরুরি রোগীর জন্য রক্ত দিতে হাসপাতালে যান। তবে তাকে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানো হয় বলে অভিযোগ করেন তিনি। পরে রক্ত নেওয়ার সিদ্ধান্ত হলেও হাসপাতালের নির্ধারিত কোনো অতিরিক্ত কক্ষ বা খালি বেড না থাকায় তাকে হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, সেখানে একজন রোগীকে সাময়িকভাবে বেড থেকে উঠিয়ে ওই বেডেই তাকে শুইয়ে রক্ত সংগ্রহ করা হয়। এ ঘটনায় হাসপাতালে রক্তদাতাদের জন্য পর্যাপ্ত বেড ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
হাসপাতালে আসা কয়েকজন রোগী ও স্বজনও অভিযোগ করেন, বর্তমানে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তদাতাদের জন্য পর্যাপ্ত বেড না থাকায় অনেককে ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা দ্রুত রক্তদাতাদের জন্য আলাদা বেড ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

0 Comments