Ticker

6/recent/ticker-posts

সমালোচনার পর বিজ্ঞপ্তিতে বক্তব্য বদলাল বিদ্যুৎ বিভাগ


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ আগষ্ট ২০২৬, ১০:০০ পিএম


ডেস্ক নিউজ

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার সংক্রান্ত পূর্বের অবস্থান নিয়ে সমালোচনার মুখে নিজেদের বক্তব্যে পরিবর্তন এনেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। নতুন এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত এ পর্যন্ত প্রাপ্ত সব অভিযোগ ইতোমধ্যে সংশ্লিষ্ট বিতরণ সংস্থার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে এবং এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কোনো সুযোগ নেই।

সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে, অভিযোগকারীদের প্রমাণ উপস্থাপনের আহ্বান জানায়। একই সঙ্গে প্রমাণ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দেয়।

পরবর্তীতে সংশোধিত বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত এ পর্যন্ত প্রাপ্ত সব অভিযোগ বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে নিরসন করেছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কোনো অবকাশ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরপরও যদি কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে এবং যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছে।

Post a Comment

0 Comments