Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে ঋণগ্রহীতার বাড়িতে রাত পর্যন্ত এনজিও কর্মীর অবস্থানের অভিযোগ, নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার ম্যানেজারের


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ আগষ্ট ২০২৬, ৮:৪৯ পিএম


বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার সানজুয়ার ভিটা গ্রামে দীর্ঘদিনের নিয়মিত এক ঋণগ্রহীতার বাড়িতে ‘বুড়ো বাংলাদেশ’ (BURO Bangladesh)-এর এক মাঠকর্মীর হয়রানি ও নির্ধারিত সময়ের পরও অবস্থানের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সাপ্তাহিক কিস্তি সময়মতো দিতে না পারায় সংশ্লিষ্ট মাঠকর্মী সন্ধ্যার পর তাদের বাড়িতে গিয়ে রাত ৮টা পর্যন্ত অবস্থান করেন এবং টাকা না পাওয়া পর্যন্ত বাড়ি ছাড়তে অনীহা প্রকাশ করেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রাহক দীর্ঘদিন ধরে বুড়ো বাংলাদেশ থেকে ঋণ সুবিধা নিয়ে আসছেন। এ সময় তিনি নিয়মিতভাবে কিস্তি পরিশোধ করে আসছিলেন এবং তার বিরুদ্ধে আগে কোনো কিস্তি বকেয়া বা নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠেনি বলে পরিবারের দাবি।

তবে গত বুধবারের সাপ্তাহিক কিস্তির টাকা সময়মতো জোগাড় করতে না পারায় বৃহস্পতিবার কিস্তি পরিশোধের কথা জানান ওই গ্রাহক। বৃহস্পতিবার দুপুরে টাকা সংগ্রহের চেষ্টা চলছিল এবং টাকা জোগাড় হলে সংশ্লিষ্ট কর্মীকে জানানোর কথাও বলা হয়।

পরিবারের অভিযোগ, বিষয়টি জানার পরও বৃহস্পতিবার সন্ধ্যার আগে বুড়ো বাংলাদেশের ওই মাঠকর্মী গ্রাহকের বাড়িতে উপস্থিত হন। পরে রাত ৮টা পর্যন্ত তিনি বাড়িতে অবস্থান করেন। পরিবারের পক্ষ থেকে টাকা সংগ্রহ করা সম্ভব হয়নি জানিয়ে পরবর্তী কিস্তির সঙ্গে বকেয়া কিস্তির টাকা পরিশোধের অনুরোধ করা হলেও মাঠকর্মী তা মেনে নেননি বলে অভিযোগ।

ভুক্তভোগী পরিবারের আরও দাবি, মাঠকর্মী জানান, তিনি অফিস ম্যানেজারকে টাকা নিয়ে যাওয়ার কথা দিয়ে এসেছেন। তাই টাকা না নিয়ে তিনি বাড়ি ফিরবেন না। এ সময় গ্রাহকের ছেলে শাখা ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে মাঠকর্মী তাতেও বাধা দেন বলে অভিযোগ করেছে পরিবারটি।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট শাখা ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পরিবারের। পরে দীর্ঘ কথোপকথনের একপর্যায়ে ম্যানেজার স্বীকার করেন, সন্ধ্যার পর কোনো মাঠকর্মীর গ্রাহকের বাড়িতে অবস্থান করার নিয়ম বা অনুমতি তাদের প্রতিষ্ঠানে নেই।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, দীর্ঘদিনের নিয়মিত একজন গ্রাহকের কিস্তি পরিশোধে সাময়িক বিলম্ব হলে রাত পর্যন্ত বাড়িতে অবস্থান করে চাপ সৃষ্টি করার মতো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য কি না।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বুড়ো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

তবে এ বিষয়ে বুড়ো বাংলাদেশের সংশ্লিষ্ট মাঠকর্মীর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার অন্যান্য দিক যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

Post a Comment

0 Comments