Ticker

6/recent/ticker-posts

মেসেঞ্জারে ভুয়া লিংকের ফাঁদে আইডি হ্যাকের ঝুঁকি, সতর্ক থাকার আহ্বান


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ আগষ্ট ২০২৬, ১২:১৮ এএম


ডেস্ক নিউজ

সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন ব্যবহারকারীর কাছে সন্দেহজনক লিংক পাঠিয়ে প্রতারণার ঘটনা বেড়েছে। সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনরা বলছেন, এসব লিংকের বেশিরভাগই ভুয়া জুয়া বা বেটিং ওয়েবসাইটের, যেখানে আকর্ষণীয় অফারের প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

জানা গেছে, অনেক ক্ষেত্রে হ্যাকাররা কোনো ব্যবহারকারীর ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নিয়ে সেই আইডি থেকেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধুদের কাছে একই ধরনের লিংক পাঠিয়ে থাকে। আবার কেউ অসাবধানতাবশত এমন লিংকে প্রবেশ করলে তার অ্যাকাউন্ট থেকেও অনাকাঙ্ক্ষিতভাবে একই বার্তা অন্যদের কাছে ছড়িয়ে পড়তে পারে।

এসব ভুয়া লিংকে “৯৯৯ অতিরিক্ত পান”, “৫০,০০০ টাকা ক্যাশ ইন”সহ বিভিন্ন লোভনীয় অফারের প্রচারণা দেখা যায়। তবে বিশেষজ্ঞদের মতে, এগুলো সম্পূর্ণ প্রতারণামূলক এবং ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল।

ব্যবহারকারীদের সতর্ক করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই অপরিচিত বা সন্দেহজনক লিংকে ক্লিক করা যাবে না। পাশাপাশি দ্রুত ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, Two-Factor Authentication (2FA) চালু করা এবং Where you're logged in অপশন থেকে অপরিচিত ডিভাইস বা লোকেশন থেকে লগ আউট করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া যাদের কাছ থেকে এ ধরনের বার্তা এসেছে, তাদেরও বিষয়টি জানিয়ে পাসওয়ার্ড পরিবর্তন ও ২-ধাপের নিরাপত্তা ব্যবস্থা চালুর আহ্বান জানানো হয়েছে।

সচেতন মহল মনে করিয়ে দিয়েছে, ফেসবুক, মোবাইল ব্যাংকিং বা কোনো ব্যাংক কখনো মেসেঞ্জারের মাধ্যমে লিংক পাঠিয়ে টাকা বা পুরস্কার দেয় না। তাই যেকোনো আকর্ষণীয় অফারের লিংকে প্রবেশের আগে ভালোভাবে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

Post a Comment

0 Comments