👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ আগষ্ট ২০২৬, ১০:৩৭ পিএম
মোঃআবু সাঈদ ইসলাম নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সীমান্তবর্তী গোলেরহাট মোড় এলাকায় মাদকবিরোধী বিশেষ তৎপরতা জোরদার করেছে কচাকাটা থানা পুলিশ। সম্প্রতি ওই এলাকায় মাদক কেনাবেচা, সেবন ও সীমান্তঘেঁষা চোরাচালানের তৎপরতা বৃদ্ধির তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপন কুমার দাস জানিয়েছেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলেরহাট মোড়সহ কেদার ইউনিয়নের বিভিন্ন কৌশলগত পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে নজরদারি ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করা ব্যক্তিদের পরিচয় গোপন রাখার আশ্বাসও দিয়েছে পুলিশ। পাশাপাশি মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের একযোগে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
ওসি অপন কুমার দাস বলেন, “মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারী—পরিচয় যাই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। গোলেরহাট মোড়সহ আমাদের আওতাধীন এলাকাগুলোকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়ে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, শুধু পুলিশি অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নিয়মিত পুলিশি টহল, নজরদারি ও সামাজিক সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকলে গোলেরহাট মোড়সহ সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0 Comments