👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ জুন ২০২৬, ৩:৫৫ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দীর্ঘদিনের সীমানা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়ির টিনশেড বিল্ডিং ঘরের দেয়াল ধসে পড়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। একই সঙ্গে প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
জানা যায়, গত ২৯ জুন ২০২৬ দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ধনীটারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল লড়িত (৪০) নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ধনীটারী গ্রামের বাসিন্দা আব্দুল লড়িতের সঙ্গে প্রতিবেশী মৃত মেঘের আলীর ছেলে মো. মোকলেছুর রহমান (মোকলেছ) ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২৪ জুন সকাল ৯টার দিকে বিবাদীপক্ষ তার টিনশেড বিল্ডিং ঘরের পশ্চিম পাশের দেয়াল সংলগ্ন জমিতে ছাবল ও কোদাল দিয়ে প্রায় ৩০ ফুট দীর্ঘ একটি খাল খনন করে। এতে ঘরটি ধসে পড়ার ঝুঁকিতে পড়ে। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করা হয় এবং খুন-জখমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।
পরে গত ২৯ জুন দুপুরে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে পূর্বে খনন করা খালের কারণে তিন কক্ষবিশিষ্ট টিনশেড বিল্ডিংয়ের ইটের দেয়াল ধসে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। স্থানীয় বাসিন্দা ফজলু মিয়া, বাচ্চু মিয়া ও নূরুজ্জামানসহ কয়েকজন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ঘটনার প্রতিবাদ ও মীমাংসার চেষ্টা করলে বিবাদীপক্ষ ধারালো অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেছেন আব্দুল লড়িত। এতে তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও সমাধানের চেষ্টা করায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

0 Comments