👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৬:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি যানবাহনের চালককে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে পাঁচটি হাইড্রোলিক হর্ন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, কয়েকটি যানবাহনে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে, যা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারা অনুযায়ী তিনটি পৃথক মামলায় তিনজন চালককে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় জেলা পুলিশের সদস্য এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

0 Comments