👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৫:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের কর্মস্থল নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষের অভিযোগ উঠেছে। অনেক অভিভাবকের দাবি, নিজ এলাকার বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা কর্মরত থাকায় শিক্ষার মান ও জবাবদিহিতায় নেতিবাচক প্রভাব পড়ছে।
অভিভাবকদের অভিযোগ, উপজেলার অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা নিজেদের বাড়ির পাশের বা একই এলাকার বিদ্যালয়ে চাকরি করছেন। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবাই একই এলাকার হওয়ায় প্রয়োজনীয় শৃঙ্খলা ও জবাবদিহিতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে অভিভাবকরা বিভিন্ন সমস্যা থাকলেও প্রতিবাদ বা অভিযোগ জানাতে সংকোচবোধ করেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, শিক্ষক-শিক্ষিকাদের নিজ এলাকা থেকে অন্তত ৬ থেকে ৭ কিলোমিটার দূরের বিদ্যালয়ে পদায়ন করা হলে তারা আরও দায়িত্বশীলভাবে পাঠদান করবেন এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে বলে তাদের বিশ্বাস।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা শিক্ষা অফিসের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন অনেক অভিভাবক। তাদের দাবি, শিক্ষক-শিক্ষিকাদের নিজ এলাকার বাইরে যুক্তিসঙ্গত দূরত্বে বদলি বা পদায়নের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।
তবে এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা শিক্ষা অফিসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

0 Comments