Ticker

6/recent/ticker-posts

টানা বৃষ্টিতে মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২:৪৮ পিএম


নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা, জলাবদ্ধতা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৯ জন। বর্তমানে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন।

রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাতটি জেলা বর্তমানে বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত। এসব জেলার ৫৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়। সেখানে বন্যা ও পাহাড় ধসে ২৮ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছেন ১৩ জন। এছাড়া বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পর্যন্ত আহত হয়েছেন মোট ৩৯ জন।

চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ১ লাখ ৪৭ হাজার ৫০০টি পরিবার পানিবন্দি রয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৫ লাখ ৯৫ হাজার। অন্যদিকে কক্সবাজারে ৩৯ হাজার ৫০৬টি পরিবারের ১ লাখ ৫৮ হাজার ২৭ জন মানুষ এখনো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, দুর্গত মানুষের সহায়তায় ইতোমধ্যে ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৪৪ হাজার ৪৫৭ জন আশ্রয় নিয়েছেন।

এ ছাড়া গত ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত বন্যাকবলিত সাত জেলার জন্য সরকারিভাবে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

Post a Comment

0 Comments