👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৩:৪৭ পিএম
স্পোর্টস ডেস্কঃ
২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার আটলান্টায় মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে মাঠের বাইরেও। এরই মধ্যে ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল লিওনেল মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ ফাইনালে ওঠার হুঙ্কার দিলেও, তার এমন মন্তব্যে সতীর্থ কিংবদন্তিদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা।
নেটফ্লিক্স স্পোর্টসের এক বিশেষ টকশোতে গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও মাইকা রিচার্ডসের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে জো কোল বলেন, ‘তাকে (মেসি) ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, একদম নিশ্চিতভাবে।’
কোলের এমন আত্মবিশ্বাসী মন্তব্যের পরই তাকে থামানোর চেষ্টা করেন গ্যারি লিনেকার ও অ্যালান শিয়েরার। অতীতে মেসিকে নিয়ে প্রতিপক্ষের উসকানিমূলক মন্তব্য যে উল্টো ফল বয়ে এনেছে, সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তারা বলেন, ‘এভাবে বলো না। পরে দেখা যাবে।’ তাদের আশঙ্কা, এমন মন্তব্যে মেসি আরও অনুপ্রাণিত হয়ে ইংল্যান্ডের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন।
তবে সতর্কবার্তায় কর্ণপাত না করে জো কোল বলেন, ‘আমি এখনই বলে দিচ্ছি, আমরা বিশ্বকাপের ফাইনালে যাব।’
এদিকে সাবেক ডিফেন্ডার মাইকা রিচার্ডস আর্জেন্টিনার শক্তির প্রশংসা করে বলেন, ‘আর্জেন্টিনার ফুটবলাররা অত্যন্ত ধূর্ত এবং তাদের মধ্যে সহজাত জয়ী মানসিকতা রয়েছে।’ তবে তিনি বিশ্বাস করেন, ইংল্যান্ডের গতিই পার্থক্য গড়ে দেবে। তার ভাষায়, ‘আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরাই জিতব। আমি এটা হাড়ে হাড়ে অনুভব করছি।’
মজার বিষয় হলো, এই জো কোলই বিশ্বকাপ শুরুর আগে লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সেরা বলে আখ্যা দিয়েছিলেন। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও মেসিকে অনেক এগিয়ে রেখে বলেছিলেন, ‘মেসিই একমাত্র ফুটবলার, যে সবকিছু জিতে শান্তিতে ঘুমাতে পারে।’
তবে বিশ্বকাপের সেমিফাইনালের আগে সেই মেসিকেই ‘ঘুম পাড়িয়ে’ ইংল্যান্ডকে ফাইনালে তোলার হুঙ্কার দিচ্ছেন জো কোল। আর তার এমন বক্তব্যে ইংল্যান্ডের সাবেক সতীর্থদের সতর্ক প্রতিক্রিয়াই বলে দিচ্ছে—মেসিকে নিয়ে আত্মবিশ্বাসের পাশাপাশি ভয়ও কাজ করছে তাদের মধ্যে।

0 Comments