Ticker

6/recent/ticker-posts

দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২:৪০ পিএম


নিজস্ব প্রতিনিধি

দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বামনের কুঠি গ্রামের সাইফুর রহমানের ছেলে নুর নবী (৩৫)-এর বসতবাড়িতে মজুদ করে রাখা ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় নুর নবী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, জব্দ করা ৪২টি জালের মোট আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার বা ৩ কিলোমিটার। জব্দকৃত জালগুলো বিধি মোতাবেক ধ্বংস করা হবে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "চায়না দুয়ারি বা ম্যাজিক জাল অত্যন্ত ক্ষতিকর একটি মাছ ধরার ফাঁদ। এতে ছোট-বড় যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে দেশীয় প্রজাতির মাছ এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।"

তিনি আরও বলেন, "মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ধরনের জালের উৎপাদন, আমদানি, সংরক্ষণ, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়। দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

Post a Comment

0 Comments