👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আয়োজিত আলোচনা সভায় শহীদ নুর আলমের স্ত্রী অভিযোগ করেছেন, কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত থাকলেও তিনি সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের সঙ্গে কথা বলার সুযোগ পাননি।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম (কলেজ মোড়) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
সভায় বক্তব্য দিতে গিয়ে শহীদ নুর আলমের স্ত্রী বলেন, “দুই দিন আগে কুড়িগ্রামে এনসিপির জুলাই পদযাত্রা ও আলোচনা সভায় আমাকে ডাকা হয়েছিল। আমি সেখানে উপস্থিত হই। আমি এমপি আতিক মুজাহিদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাকে সেই সুযোগ দেয়নি। এতে আমি অপমানিত হয়েছি।”
তিনি অভিযোগ করেন, একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ না পাওয়ায় তিনি মানসিকভাবে কষ্ট পেয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতিকে নতুন পথ দেখিয়েছে। তিনি জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়া সভায় শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের অর্জন, শহীদদের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
এদিকে, শহীদ নুর আলমের স্ত্রীর উত্থাপিত অভিযোগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।

0 Comments