👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী, কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার কলেজ মোড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার এসআই (নিঃ) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় এইচআর মেটাল দোকানের সামনে একটি ইজিবাইকে বসে থাকা মো. মফিজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নাওডাঙ্গা স্কুলপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, আটক ব্যক্তির দুই পায়ের মাঝখানে লুকিয়ে রাখা অবস্থায় হলুদ স্কচটেপ ও সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা।
এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং উদ্ধারকৃত আলামত পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্থানে ইজিবাইকের মাধ্যমে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে এ অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্যতা নির্ধারিত হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

0 Comments