👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৫ এএম
নাগেশ্বরী/কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনে কর্মরত উপপ্রশাসনিক কর্মকর্তা মোছা. জেসি চৌধুরীর বিরুদ্ধে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত “নাগেশ্বরী উপজেলার ‘অঘোষিত ইউএনও’ জেসি চৌধুরী” শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উক্ত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও চরম উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
বিবৃতিতে জেসি চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে নাগেশ্বরী উপজেলা প্রশাসনে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। সরকারি সেবা প্রদান ও দাপ্তরিক শৃঙ্খলা রক্ষায় তিনি সর্বদা প্রশাসনিক বিধিবিধান মেনে চলেন।
সংবাদে আনীত সার ডিলারশিপ নিয়োগে প্রভাব বিস্তার সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “চলমান সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের সরকারি কমিটির মাধ্যমে নীতিমালার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এই স্বচ্ছ প্রক্রিয়ায় একজন দাপ্তরিক কর্মচারীর প্রভাব বিস্তার করা কিংবা অনৈতিক লেনদেনের কোনো সুযোগই নেই।
তিনি আরও অভিযোগ করেন, অনৈতিক কোনো সুবিধায় প্রশ্রয় না দেওয়ায় একটি কায়েমি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে অপপ্রচার চালিয়ে তার পেশাগত সুনাম ও প্রশাসনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। কোনো প্রকার যাচাই-বাছাই ও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালা অনুসর করার অনুরোধ জানান। পাশাপাশি সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন।

0 Comments