👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বদিজামালপুর (কানিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—নাগেশ্বরী থানার চামটারপাড় এলাকার মো. হেলাল উদ্দিন (৩৭) এবং বিদ্যুৎপাড়া এলাকার মো. রাব্বি মিয়া (২৬)।
পুলিশ জানায়, দুপুরে নাগেশ্বরী পৌরসভার ব্রাক মোড়ে পুলিশ অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কানিপাড়া এলাকার একটি বাসায় কয়েকজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে ওই দুইজনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ৯০০ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকবিরোধী এ কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

0 Comments