Ticker

6/recent/ticker-posts

ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেছেন ভূটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি অথরিটি—GMCA-এর একটি প্রতিনিধি দল। বুধবার (২ সেপ্টেম্বর) তারা সোনাহাট স্থলবন্দরে এসে আমদানি-রপ্তানি কার্যক্রম, ইমিগ্রেশন ব্যবস্থা, যোগাযোগব্যবস্থা ও বন্দরের অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রামে প্রস্তাবিত ভূটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন এবং এর সঙ্গে ভূটানের বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর সম্ভাবনা যাচাই করতেই প্রতিনিধি দলের এ সফর।

পরিদর্শনকালে কুড়িগ্রাম থেকে সোনাহাট হয়ে ভূটানের দূরত্ব, বন্দরের বর্তমান আমদানি-রপ্তানি পণ্য, ভবিষ্যতে সম্ভাব্য নতুন পণ্য এবং ইমিগ্রেশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তারা।

সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর, কয়লা, তাজা ফল, ভুট্টা, গম, চাল, ডাল, রসুন, আদা ও পেঁয়াজসহ বিভিন্ন পণ্য আমদানির সুযোগ রয়েছে। বর্তমানে পাথর ও কয়লা আমদানি হচ্ছে। পাশাপাশি গার্মেন্টস ঝুট, প্লাস্টিক পণ্য, জুস, টয়লেট টিস্যু, মশারি, বই ও তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।

প্রতিনিধি দলে ছিলেন GMCA-এর ডেপুটি ডিরেক্টর কালডেন দর্জি এবং ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের অ্যাসোসিয়েট ডিরেক্টর নিম লাম। সফরটি সমন্বয় করেন ঢাকায় রয়্যাল ভূটানিজ এম্বাসির মিনিস্টার-কাউন্সেলর (ট্রেড) দাওয়া শেরিং।

আসন্ন BEZA-GMCA Joint Working Group Meeting-এর প্রস্তুতির অংশ হিসেবেই প্রতিনিধি দলের এ সফর বলে জানা গেছে। সফরকালে তারা কুড়িগ্রামে প্রস্তাবিত ভূটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সোনাহাট স্থলবন্দর ও চিলমারী নদীবন্দর পরিদর্শন করছেন।

এর আগে ২০২৪ সালের ২৮ মার্চ ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক কুড়িগ্রামের মাধবরাম এলাকায় ভূটানের জন্য প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করেন। ওই সফরে কুড়িগ্রামে ভূটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ ও ভূটানের মধ্যে সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সোনাহাট স্থলবন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে ভূটানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। GMCA প্রতিনিধি দলের এবারের সরেজমিন পরিদর্শন সেই সম্ভাবনা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments