👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৪ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
আট মাসের কারাবাসের মধ্যে দীর্ঘ পাঁচ মাস ডিটেনশনে থাকার সময় পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগের সুযোগ না পাওয়ার কথা উল্লেখ করে মানবিক আচরণের জন্য দায়িত্ব পালনকারী কয়েকজন পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মমিনুর রহমান মমিন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি কারাগারে থাকার সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন। মমিনুর রহমান মমিনের দাবি, আট মাসের কারাবাসের মধ্যে প্রায় পাঁচ মাস তিনি ডিটেনশনে ছিলেন। এ সময় পরিবারের সঙ্গে সাক্ষাৎ কিংবা ফোনে যোগাযোগের সুযোগ ছিল না। এমনকি কারাবাসের প্রথম এক মাস তাকে ২৪ ঘণ্টা সেলের মধ্যে রাখা হয়েছিল বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি জানান, বিভিন্ন চেষ্টা ও সুপারিশের পর দুবার কুড়িগ্রামে চালানে আসা-যাওয়ার সুযোগ হয়েছিল। ওই সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারার বিষয়টি জানালে তারা মানবিক আচরণ করেন এবং কিছু সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করেন বলে দাবি করেন তিনি।
মমিনুর রহমানের ভাষ্য অনুযায়ী, এরই অংশ হিসেবে একদিন দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য তাকে পরিবারের সঙ্গে দেখা করানোর জন্য বাড়িতে নিয়ে যান। সেখানে প্রায় দেড় ঘণ্টা পরিবারের সঙ্গে সময় কাটানো, খাবার খাওয়া, ফ্রেশ হওয়া এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান তিনি।
ওই স্মৃতিকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় উল্লেখ করে তিনি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে পোস্টে তিনি জানতে পেরেছেন যে, দায়িত্বে থাকা একজন এসআই কোনো একটি কারণে চাকরি হারিয়েছেন—এমন তথ্যও উল্লেখ করেন। তবে চাকরি হারানোর কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
মমিনুর রহমান বলেন, পুলিশ সদস্যদের চাকরিতে কোনো ধরনের সমস্যা হতে পারে—এমন আশঙ্কায় এতদিন তিনি বিষয়টি প্রকাশ করেননি। পরে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন।
পোস্টের শেষাংশে তিনি কারাবন্দি অবস্থায় পায়ে ডান্ডাবেড়ি ও হাতে হ্যান্ডকাফ থাকা অবস্থায় পরিবারের সঙ্গে কাটানো সেই সময়কে জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর একটি হিসেবে স্মরণ করেন।

0 Comments