👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
ভুরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের কুড়ারপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথের নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকার সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে ইটভাটার দুটি কক্ষ থেকে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অবৈধভাবে সার মজুদের দায়ে ট্রেডার্সের স্বত্বাধিকারী ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা এবং রফিক ট্রেডার্সের মালিক বালাই নাশক ডিলার রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জাব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম খোকনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

0 Comments