Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে নিখোঁজ শিশু জিমরানকে প্রথমে দেখলো স্কুলছাত্র মুসা, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলো



 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ আগষ্ট ২০২৬, ৫:৪৯ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজ শিশু জিমরানকে উপজেলা চত্বর থেকে খুঁজে পেয়েছে এক স্কুলছাত্র। পরে স্থানীয় এক মুরুব্বির সহায়তায় জিমরানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বাবা এসে তাকে নিয়ে যান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে নাগেশ্বরী উপজেলা চত্বরে ঘটনাটি ঘটে।

জিমরানকে খুঁজে পাওয়ার বিষয়ে উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুসা দেওয়ান জানায়, টিফিন খেতে যাওয়ার সময় উপজেলা চত্বরে একটি ছেলেকে একা বসে থাকতে দেখে তার পরিচিত মনে হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নাগেশ্বরীর আপডেট নিউজ’ ফেসবুক পেজে প্রকাশিত নিখোঁজ সংবাদের ছবি ও তথ্যের সঙ্গে মিলিয়ে সে বুঝতে পারে, ছেলেটিই নিখোঁজ জিমরান।

মুসা ও তার দুই বন্ধু জিমরানের কাছে গিয়ে পরিচয় ও কোথা থেকে এসেছে জানতে চায়। তখন জিমরান জানায়, সে রংপুরে গিয়েছিল এবং তার সঙ্গে আরও একজন ছেলে ছিল। পরে ওই ছেলের কাছ থেকে পালিয়ে একাই বাসে করে রংপুর থেকে নাগেশ্বরীতে ফিরে এসেছে বলে জানায় সে।

মুসা তার বাবার মোবাইল নম্বর জানতে চাইলে জিমরান নম্বর মুখস্থ নেই বলে জানায়। পরে মুসা ও তার দুই বন্ধু তাকে শিশু বিতান স্কুলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে জিমরান যেতে রাজি হয়নি এবং কান্নাকাটি শুরু করে।

এ সময় তাকে আশ্বস্ত করে মুসা বলে, ভয় পাওয়ার কিছু নেই—স্কুলে নিয়ে গিয়ে তার বাবার সঙ্গে যোগাযোগ করা হবে। কিন্তু জিমরান তাতেও রাজি হয়নি।

এরপর ঘটনাস্থলে একজন মুরুব্বি ব্যক্তি আসেন। তিনি জিমরানের বাবাকে চেনেন বলে জানা যায়। মুসার অনুরোধে ওই ব্যক্তি জিমরানের বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। খবর পেয়ে জিমরানের বাবা ঘটনাস্থলে এসে ছেলেকে নিয়ে যান।

নিখোঁজ শিশুকে চিনতে পেরে দ্রুত তার পরিবারের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করায় মুসা দেওয়ান ও তার দুই বন্ধুর প্রশংসা করেছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংবাদের প্রচারও শিশুটিকে শনাক্ত ও পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Post a Comment

0 Comments