👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৫ আগষ্ট ২০২৬, ৮:১৯ এএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গত দুই মাস ধরে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেক গ্রাহক। আগের তুলনায় দুই থেকে তিন গুণ পর্যন্ত বেশি বিল আসায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় কয়েকজন বিদ্যুৎ গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের নিয়মিত বিদ্যুৎ ব্যবহার প্রায় একই থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে বিলের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে নিম্নআয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
গ্রাহক আমিনুল বলেন, “আগে আমার বিদ্যুৎ বিল আসত প্রায় ৩০০ টাকা। কিন্তু এই মাসে বিল এসেছে ১ হাজার ২০০ টাকা।”
আরেক গ্রাহক সেকেন্দার বলেন, “আগে বিল আসত ১ হাজার ১০০ টাকা। এখন এসেছে ২ হাজার ২০০ টাকা।”
রমজান নামে এক গ্রাহক বলেন, “আগে আমার বিল আসত প্রায় ১ হাজার টাকা। এখন বিল এসেছে ২ হাজার ৫০০ টাকা।”
অন্যদিকে ওয়াসেক নামে এক গ্রাহক জানান, “আগে আমার বিল আসত মাত্র ৮৫ টাকা। এখন সেই বিল বেড়ে হয়েছে ৩০০ টাকা।”
স্থানীয় গ্রাহকদের দাবি, নাগেশ্বরীতে যাচাই করে দেখা গেছে, অনেক মানুষের বিদ্যুৎ বিল আগের তুলনায় দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের ও দিনমজুর শ্রেণির মানুষ।
গ্রাহকেরা বলেন, “আমরা গরিব মানুষ। নাগেশ্বরীতে আয়ের উৎসও কম। দিন আনি, দিন খাই। এত বেশি বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করব?”
তাদের দাবি, বিদ্যুৎ বিলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখুক এবং কোনো ভুল বা অতিরিক্ত বিল হয়ে থাকলে তা সংশোধন করে স্বাভাবিক বিল নির্ধারণ করা হোক।
গ্রাহকদের প্রত্যাশা, সরকার ও সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অতিরিক্ত বিলের কারণ খুঁজে বের করবে এবং সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

0 Comments