👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন সংগ্রহ সম্পন্ন হলে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু করবে সরকার।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে কুড়িগ্রামের রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও নতুন ট্রেন চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।
জবাবে রেলমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন যাত্রীবাহী কোচ ও ইঞ্জিন সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ (ইঞ্জিন) সংগ্রহের প্রক্রিয়াও এগিয়ে চলছে।
রেলমন্ত্রী আরও জানান, নতুন কোচ ও ইঞ্জিন রেলবহরে যুক্ত হওয়ার পর ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।
কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাজধানী ঢাকার সঙ্গে আরও উন্নত ও সহজ রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা। সংসদে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিতে জেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।
স্থানীয়রা মনে করছেন, নতুন আন্তঃনগর ট্রেন চালু হলে কুড়িগ্রামের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে একই অধিবেশনে রেলমন্ত্রী জানান, যাত্রীদের চাপ কমাতে ঢাকা-সিলেট রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া খুলনা-যশোর রেললাইন সংস্কার এবং জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে বলেও সংসদকে জানান তিনি।

0 Comments