👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ৭:৪১ পিএম
কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা মোঃ আমির আলী, জুলাই আন্দোলনে শহীদ হওয়া নুর আলীর পিতা। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধ এখন জীবিকার তাগিদে রিকশা চালিয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন। অথচ একসময় তার সংসারের প্রধান ভরসা ছিলেন শহীদ ছেলে নুর আলী।
পরিবার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নুর আলী। তার মৃত্যুর পর পরিবারে নেমে আসে শোক ও অনিশ্চয়তা। আমির আলীর দুই ছেলের মধ্যে একজন শহীদ হয়েছেন, আরেক ছেলে বর্তমানে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।
সম্প্রতি নাগেশ্বরীর আপডেট নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে আমির আলী অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে শহীদ নুর আলীর স্ত্রীকে ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তবে তিনি দাবি করেন, ওই সহায়তার কোনো অংশ তিনি পাননি।
আমির আলীর ভাষ্য, তার ছেলের স্ত্রী ওই অর্থ নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন এবং ভালোভাবে জীবনযাপন করছেন। তিনি আরও অভিযোগ করেন, শহীদ পুত্রবধূ সরকারি চাকরিও পেয়েছেন, কিন্তু সেই বিষয়েও তাকে জানানো হয়নি।
সাক্ষাৎকারে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আমি এখন বৃদ্ধ মানুষ। এই বয়সে রিকশা চালিয়ে কোনোমতে সংসার চালাই। আমার ছেলে বেঁচে থাকলে আজ আমাকে এমন কষ্ট করতে হতো না। আমি চাই, আমার ছেলের নামে দেওয়া সরকারি সহায়তা থেকে আমার ন্যায্য অংশটুকু যেন পাই।”
তিনি জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাননি বলে দাবি করেন।
আমির আলী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়ে বলেন, তার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইন ও বিধি অনুযায়ী ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করা হোক।
উল্লেখ্য, আমির আলীর সব অভিযোগ তার নিজস্ব বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে শহীদ নুর আলীর স্ত্রী বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

0 Comments