👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৫:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ দুই কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। রোববার (২৬ জুলাই) রাতে পৌরসভার বানুরখামার গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বানুরখামার (৭ নম্বর ওয়ার্ড) গ্রামের মো. আজগার আলীর ছেলে মো. বেলাল হোসেন (২৬) এবং মো. নুর জামালের ছেলে মো. আমিনুল ইসলাম (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানার এসআই মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি চালিয়ে বেলাল হোসেনের কাছ থেকে ২২ পিস এবং আমিনুল ইসলামের কাছ থেকে ৬ পিসসহ মোট ২৮ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার ৪০০ টাকা। তাৎক্ষণিকভাবে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতসহ আসামিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিক্রয়ের উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে এসব ইয়াবা নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নাগেশ্বরী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না।"

0 Comments