👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১০:১৫ এএম
নিজস্ব প্রতিবেদক | রৌমারী, কুড়িগ্রাম
অভাব-অনটনের সংসার, জীবিকা চলে ঝালমুড়ি বিক্রি করে। তবুও সততার পরীক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝালমুড়ি বিক্রেতা জয়নাল আবেদীন (৪৪)। রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া নগদ ৩৭ হাজার টাকা আত্মসাৎ না করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে তিনি স্থানীয়দের প্রশংসায় ভাসছেন।
জানা যায়, রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় রৌমারী-ঢাকা মহাসড়কের কর্তিমারী বাজার এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগ দেখতে পান জয়নাল আবেদীন। কৌতূহলবশত ব্যাগটি খুলে তিনি দেখতে পান, ভেতরে নগদ ৩৭ হাজার টাকা রয়েছে।
টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করতে তিনি স্থানীয় সংবাদকর্মী আনিছুর রহমানের সহযোগিতা নেন। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করা হলে অল্প সময়ের মধ্যেই টাকার প্রকৃত মালিকের স্বজনরা সেটি দেখতে পান এবং জয়নালের সঙ্গে যোগাযোগ করেন।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে জয়নাল আবেদীন পুরো ৩৭ হাজার টাকা প্রকৃত মালিক আবুল হোসেনের হাতে তুলে দেন।
টাকার মালিক ৯০ বছর বয়সী আবুল হোসেন রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। টাকা ফিরে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, হারিয়ে যাওয়া টাকাটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। জয়নালের মতো সৎ মানুষের কারণেই তিনি তাঁর কষ্টার্জিত অর্থ ফেরত পেয়েছেন।
স্থানীয় সংবাদকর্মী আনিছুর রহমান বলেন, চরম দারিদ্র্যের মধ্যেও জয়নাল আবেদীনের সততা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর এই মানবিক ও নৈতিক আচরণ সমাজে সততা ও মূল্যবোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
এ ঘটনায় এলাকাজুড়ে জয়নাল আবেদীনের সততার প্রশংসা ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান সময়ে এমন মানবিক ও সৎ মানুষ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস।

0 Comments