👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১১:২৫ পিএম
মোঃ জাকির হোসেন জুয়েল
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার চরম অবহেলা ও উদাসীনতার কারণে নাগেশ্বরী উপজেলা পরিষদের প্রধান ফটক (গেট) সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী হাইওয়ে রাস্তার ওপর দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ময়লা-আবর্জনার স্তূপ। জনগুরুত্বপূর্ণ এই স্থানে প্রতিনিয়ত আবর্জনা ফেলায় রাস্তাটি এখন যেন এক উন্মুক্ত ডাস্টবিনে পরিণত হয়েছে। অথচ এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের ঠিক সামনে এবং ব্যস্ততম হাইওয়ে রাস্তার ধারে ময়লার ভাগাড় তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা।
হাইওয়ের একাংশ জুড়ে ময়লা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। আবর্জনা পচে চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। নাক চেপে, রুমাল দিয়ে মুখ ঢেকে সাধারণ মানুষকে এই পথ পাড়ি দিতে হচ্ছে।
এই ময়লার স্তূপ থেকে এলাকায় মশা ও মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। ডেঙ্গুসহ নানা মশাবাহিত রোগের আতঙ্কে দিন কাটাচ্ছেন আশেপাশের মানুষ।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষকে বারবার বিষয়টি অবগত করা হলেও তারা কোনো স্থায়ী সমাধান নিচ্ছে না। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।
উপজেলা পরিষদে বিভিন্ন দাপ্তরিক কাজে আসা মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলেন, "পৌরসভার এমন অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের নাকের ডগায় এভাবে ময়লা পড়ে থাকাটা দুঃখজনক।"
পৌর এলাকার পরিবেশ রক্ষা এবং জনগণের ভোগান্তি কমাতে অবিলম্বে এই স্থান থেকে ময়লার স্তূপ অপসারণের দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সাথে, ব্যস্ততম এই হাইওয়ে ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সামনে ময়লা ফেলা চিরতরে বন্ধে পৌর ভারপ্রাপ্ত মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।

0 Comments