Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে ওসি আব্দুল্লাহ হিল জামানের নেতৃত্বে রাতভর মাদকবিরোধী অভিযান, আটক একাধিক


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৮:৫১ পিএম


নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে নাগেশ্বরী থানা পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে একাধিক মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ হিল জামান। তিনি নিজেই পুলিশ সদস্যদের সঙ্গে মাঠে থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান শুরু হয়। অভিযানে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীদের আটক করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাগেশ্বরীর আপডেট নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওসি মোঃ আব্দুল্লাহ হিল জামান বলেন, "সারা দেশে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় নাগেশ্বরী উপজেলাকেও মাদকমুক্ত করতে আমরাও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আজকের অভিযান তারই অংশ। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।"

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে পুলিশের এই কঠোর অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে যুবসমাজকে বিপথে পরিচালিত করছিল। পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক নিয়ন্ত্রণে আসবে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Post a Comment

0 Comments