👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১১:১৫ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জিন্নাত আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জিন্নাত আলী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, ঘটনার পর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের মরদেহের সুরতহাল ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 Comments