👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৫ পিএম
ডেস্ক নিউজ:
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারীকে তিনজন মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ট্রেনটির অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজ বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়। পরে ওই নারীকে উদ্ধার করে অভিযোগের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম এবং জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি জানান, ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল মো. কাইফ শাহ। পরে ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই নারী (৪৪) ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত টিকিট ছাড়াই ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে ওঠেন। একপর্যায়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান।
অভিযোগ অনুযায়ী, পরে ট্রেনের এক ক্যানটিন বয় ও আরও দুই ব্যক্তি তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যানটিন বয়দের কক্ষে নিয়ে যান। সেখানে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ট্রেনটির অবস্থান শনাক্ত করে। ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে পুলিশ ওই নারীকে উদ্ধার করে।
এ ঘটনায় ধর্ষণের অভিযোগে ক্যানটিন বয় আবু বক্কর সিদ্দিক (২২) নামের এক যুবককে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের সঙ্গে জড়িত অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

0 Comments