Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির উদ্যোগে সাজিমন বেগমের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৪ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:


গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অসহায় বৃদ্ধা সাজিমন বেগমের দুর্দশার খবর জানতে পেরে তাঁর খোঁজ নিতে পাশে দাঁড়িয়েছে জাতীয় যুবশক্তি, নাগেশ্বরী উপজেলা শাখা। তাঁর বর্তমান অবস্থা ও পারিবারিক পরিস্থিতি জানতে সরেজমিনে বাড়িতে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেন ও সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে. এম. মিনহাজুল ইসলাম বিকাশ।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত পাড়া গ্রামের বাসিন্দা সাজিমন বেগমের দুর্দশার কথা জানতে পেরে তাঁর সহায়তার উদ্যোগ নেন জাতীয় যুবশক্তির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে. এম. মিনহাজুল ইসলাম বিকাশ। এ বিষয়ে তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এরই ধারাবাহিকতায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেন ও কে. এম. মিনহাজুল ইসলাম বিকাশ সাজিমন বেগমের বাড়িতে গিয়ে তাঁর বর্তমান অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজখবর নেন।

সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেন জানান, সাজিমন বেগমের বয়স বেশি হওয়ায় তাঁর বয়স্ক ভাতা রয়েছে কি না, তা জানতে তাঁরা সরেজমিনে যান। একইসঙ্গে তাঁকে দেখাশোনা করা বিধবা মেয়ের বিধবা ভাতা রয়েছে কি না, সেটিও খোঁজ নেওয়া হয়। ভাতা না থাকলে চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে দ্রুত ভাতার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হতো।

তিনি আরও জানান, সরেজমিনে গিয়ে জানতে পারেন, সাজিমন বেগম ও তাঁর মেয়ের ভাতা রয়েছে। তাঁদের সামান্য আর্থিক সহযোগিতা করা হয়েছে। তবে পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় তাঁরা খুব কষ্টে জীবনযাপন করছেন।

জামাল হোসেন বলেন, “তাদের ইনকাম করার লোক না থাকায় তারা খুব কষ্টে আছে। সকলেই সহায়তা করলে তাদের জীবনযাপনটা একটু সহজ হবে।”

এদিকে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে জাতীয় যুবশক্তি, নাগেশ্বরী উপজেলা শাখা।

Post a Comment

0 Comments