রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মেকুরটারী গ্রামের কসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু বক্কর ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে আবু বক্কর তার আত্মীয় একই নামের বক্করের বাড়িতে যান। এ সময় বাড়িতে কোনো অভিভাবক না থাকায় শিশুটি দরজা খুলে তাকে ভেতরে নিয়ে বসতে দেয়। পরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে আবু বক্কর শিশুটিকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় শিশুটি চিৎকার শুরু করলে পাশের গোয়ালঘরে কাজ করা তার জেঠিমা ছুটে আসেন। তিনি ঘরের ভেতর আবু বক্করকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন এবং আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) অলেশ্বর ও মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0 Comments