Ticker

6/recent/ticker-posts

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার পরিকল্পনা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৯:২১ পিএম


ডেস্ক নিউজ:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উৎসাহ দিতে ট্যাবলেট কম্পিউটার (ট্যাব) উপহার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে প্রায় ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থী। এসব শিক্ষার্থীকে পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করতে তাদের জন্য উপহার দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টিও রয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় উৎসাহিত করতে ট্যাব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফলের পাশাপাশি পড়াশোনায় আরও আগ্রহী হয় এবং ভবিষ্যতে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী।

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের উচ্চশিক্ষার পথে উৎসাহিত করতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Post a Comment

0 Comments