👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নদী রক্ষা বাঁধের জিওব্যাগ কেটে ভেতরের বালু নদীতে ফেলে দিয়ে খালি ব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীভাঙনের ঝুঁকিতে পড়েছেন হাজারো স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে নদীভাঙন প্রতিরোধ ও নদীর কিনারা সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ড সিসি ব্লকের পাশাপাশি জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ করেছে। তবে সাম্প্রতিক সময়ে এলাকার কিছু অসাধু ব্যক্তি দিনের বেলায় বাঁধের জিওব্যাগ কেটে ভেতরের বালু নদীতে ফেলে খালি ব্যাগ নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, এভাবে জিওব্যাগ কেটে নেওয়ার কারণে নদী রক্ষা বাঁধের স্থায়িত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুমে পানির চাপ বাড়লে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ভাঙন শুরু হয়ে আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও জনপদ হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকার সচেতন যুবসমাজ ও বাসিন্দারা জানান, নদী রক্ষা বাঁধের জিওব্যাগ কেটে নেওয়া বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশগুলো চিহ্নিত করে সংস্কার এবং বাঁধের নিরাপত্তায় নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। পাশাপাশি নদী রক্ষা বাঁধের নির্মাণকাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না এবং জিওব্যাগ কাটার অভিযোগের পেছনে কারা জড়িত, তা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
তবে অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে সংযোজন করা হবে।

0 Comments