👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ আগষ্ট ২০২৬, ১০:২৭ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কাশেম সরকার। আধুনিক, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নামার কথা জানিয়েছেন তিনি।
দীর্ঘদিনের রাজনৈতিক ও জনসেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পৌরবাসীকে কাঙ্ক্ষিত নাগরিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আবুল কাশেম সরকার। একই সঙ্গে তিনি নাগেশ্বরী পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে আবুল কাশেম সরকারের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি ২০১৪ সালের ৯ এপ্রিল থেকে ২০১৯ সালের ৮ এপ্রিল পর্যন্ত নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৮৮-১৯৯২ এবং ১৯৯৮-২০০২ মেয়াদে নাগেশ্বরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
মেয়র নির্বাচিত হলে নাগেশ্বরী পৌরসভাকে আধুনিক ও উন্নত শহরে রূপান্তরের অঙ্গীকার করেছেন তিনি। তাঁর ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে—পৌরসভার নাগরিক সেবাগুলো আধুনিক তথ্যপ্রযুক্তির আওতায় এনে হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত করা, দীর্ঘমেয়াদি ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, ভাঙা রাস্তাঘাট দ্রুত সংস্কার এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী পদক্ষেপ নেওয়া।
এ ছাড়া পৌর প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
একটি পরিচ্ছন্ন, সচল ও মডেল পৌরসভা গড়ে তুলতে দলমত-নির্বিশেষে পৌরবাসী, সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন মো. আবুল কাশেম সরকার।

0 Comments