Ticker

6/recent/ticker-posts

এমপির সঙ্গে দেখা না হওয়ায় প্রশ্ন তুললেন রবিউল


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৮ আগষ্ট ২০২৬, ৭:৫৪ এএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের সঙ্গে দেখা করতে গিয়ে সময় না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) এরশাদুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রবিউল ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, নাগেশ্বরীতে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত থাকবেন জানতে পেরে তিনি সকাল ১০টা ১৫ মিনিটে সেখানে যান। এমপির সঙ্গে কথা বলতে চাইলে তার পিএস এরশাদুল তাকে জানান, এভাবে দেখা করা যাবে না এবং এমপি অন্য একটি মিটিংয়ে আছেন।

তবে রবিউল ইসলামের দাবি, এমপি ওই সময় নাগেশ্বরী জামায়াতের কার্যালয়ে ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেও তিনি এমপির সঙ্গে কথা বলার সুযোগ পাননি বলে অভিযোগ করেন।

পরে অনুষ্ঠান শেষে এমপির সঙ্গে কথা বলতে চাইলে তিনি সময় না দিয়ে নাগেশ্বরী জামায়াতের উপজেলা সেক্রেটারি শহিদুল ইসলামের সঙ্গে কথা বলতে বলেন এবং ব্যস্ততার কথা জানিয়ে চলে যান বলে দাবি করেন রবিউল ইসলাম।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, “এমপি জনগণের সেবক হয়ে যদি জনগণকে সময় দিতে না পারেন, তাহলে বৈষম্য দূর হলো কীভাবে?”

এ ছাড়া এমপির পিএস কেন তাকে অন্য মিটিংয়ে থাকার কথা বলেছেন—এ নিয়েও প্রশ্ন তুলে রবিউল ইসলাম জানতে চান, জনগণকে এমপির কাছ থেকে দূরে রাখার জন্যই কি এমন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, নাকি জনগণের সঙ্গে দেখা করাই অনাকাঙ্ক্ষিত?

পোস্টের শেষে তিনি বলেন, “সময় এক থাকে না, সময় পরিবর্তনশীল।”

তবে রবিউল ইসলামের এসব অভিযোগের বিষয়ে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বা তার পিএস এরশাদুলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।

Post a Comment

0 Comments