👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৫ আগষ্ট ২০২৬, ১২:০৪ পিএম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএডিসি ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় গঠিত উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।
এর আগে রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের এক বিএডিসি ডিলারের গুদামের বেড়া ভেঙে বিক্ষুব্ধ কৃষকেরা প্রায় ১৯৭ বস্তা সার নিয়ে যান। পরে উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে সেখান থেকে ১০৭ বস্তা সার উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার কারণ ও সার বিতরণ ব্যবস্থার অনিয়ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ডিলারের বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডিলার নিজস্ব ব্যবস্থাপনায় কৃষকদের কাছে সার বিক্রি না করে অন্য মাধ্যমে সার বিক্রি করেছেন। পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ না করার অভিযোগেরও সত্যতা পাওয়া গেছে। এছাড়া সার বিতরণ ব্যবস্থাপনায় আরও কয়েকটি অনিয়ম তদন্তে উঠে এসেছে।
ইউএনও অমৃত দেবনাথ জানান, তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের পরবর্তী নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সার সংকট ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষের মধ্যেই তদন্ত কমিটির প্রতিবেদনে ডিলারের বিরুদ্ধে অনিয়মের বিষয়টি উঠে আসায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।

0 Comments