Ticker

6/recent/ticker-posts

রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের ভূমিধস জয়


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ আগষ্ট ২০২৬, ৯:৪০ পিএম


কুড়িগ্রাম প্রতিনিধি: 

প্রায় তিন দশক পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারিসহ সদস্য পদে বিএনপি সমর্থিত ‘শামসুল-মোস্তফা পরিষদ’-এর প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সমর্থিত ‘শামসুল-মোস্তফা পরিষদ’ থেকে সাতজন প্রার্থী অংশ নেন। অপরদিকে কয়েকজন প্রার্থী পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সংশ্লিষ্ট সূত্র তাদের মধ্যে কয়েকজনকে এনসিপি সমর্থিত বলে জানিয়েছে।

ঘোষিত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়েত হোসেন চৌধুরী পেয়েছেন ২৫ ভোট।

সেক্রেটারি পদে মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মুকুল মিয়া পেয়েছেন ২৪ ভোট।

সদস্য পদেও বিএনপি সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে জয় পান। মো. কফিল উদ্দিন আহমেদ ৪২৪, শফিকুল ইসলাম বেবু ৪২৭, মো. জহরুল আলম ৪২৬, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ৪৩১ এবং হাসান জুবায়ের হিমেল ৪৩৩ ভোট পেয়েছেন।

অপরদিকে এনসিপি সমর্থিত মো. মাসুম মিয়া ৩৬ ও মাহমুদুল হাসান ২৪ ভোট পান। স্বতন্ত্র প্রার্থী মো. মতিয়ার রহমান পেয়েছেন ১৬ এবং নাহিদ হাসান ২৮ ভোট।

নির্বাচনে বিজয়ী সেক্রেটারি ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দীর্ঘদিন পর রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সদস্যরা যে আস্থা ও সমর্থন দিয়েছেন, তার মর্যাদা রাখতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন তিনি। পাশাপাশি দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আনোয়ার হোসেন মন্ডল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ ও গণনা শেষে নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রায় ৩০ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে রেড ক্রিসেন্টের সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নতুন কার্যনির্বাহী পরিষদ রেড ক্রিসেন্টের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

Post a Comment

0 Comments