Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ, দুই মামলা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৭ আগষ্ট ২০২৬, ৬:২৩ এএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্যান্ট পিস জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা চোরাকারবারিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে মাদক, চোরাচালান ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমানের (ফজলু চেয়ারম্যান) বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকায় রিয়াজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ২৬৮ পিস থান কাপড় জব্দ করে পুলিশ।

জব্দকৃত প্রতিটি পিস কাপড়ের দৈর্ঘ্য ১২ মিটার। সে হিসেবে মোট কাপড়ের দৈর্ঘ্য ৩ হাজার ২১৬ মিটার। পুলিশের হিসাবে জব্দকৃত এসব ভারতীয় চোরাই প্যান্ট পিসের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে এসব পণ্য দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ভূরুংগামারী ও নাগেশ্বরী সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলাব্যাপী মাদক ও চোরাচালানবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার প্রতিটি থানায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে


Post a Comment

0 Comments