👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ আগষ্ট ২০২৬, ৪:৫৯ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিনদিন ধরে দুই কিশোর নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ দুই কিশোরের মধ্যে এসএম জিমরান কায়েসের বয়স ১০ বছর। সে নাগেশ্বরীর শিশু বিতান বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার গায়ের রং ফর্সা, শারীরিক গঠন চিকন। নিখোঁজের সময় তার পরনে ছিল স্কুল ড্রেস। সঙ্গে ছিল স্কুল ব্যাগ ও ছোট আকারের ব্যবহৃত একটি বাইসাইকেল।
অন্য কিশোরের নাম রাফি, তার বয়স ১৪ বছর। সর্বশেষ তাকে জিমরান কায়েসের সঙ্গে দেখা গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের দাবি, গত ১০ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও ব্যর্থ হয়েছেন।
এদিকে, নিখোঁজের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ার পর দুই কিশোরকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে তাদের নিখোঁজ হওয়ার পেছনে কোনো রহস্য বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
স্থানীয়দের দাবি, শিশু-কিশোর দুজনের নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে তারা কোথা থেকে, কার সঙ্গে এবং কীভাবে নিখোঁজ হয়েছে—এসব বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
কেউ নিখোঁজ দুই কিশোরকে কোথাও দেখে থাকলে বা তাদের বিষয়ে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পরিবারের সদস্য অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
দুই পরিবারের প্রিয় সন্তানদের দ্রুত উদ্ধারে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

0 Comments