👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রাম শহরের ধরলা নদীর পাড়ে গত ২৮ জুন থেকে শুরু হয়েছে কুড়িগ্রাম শিল্প ও বাণিজ্য মেলা। শুরু থেকেই মেলাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিনোদনপ্রেমী ও কেনাকাটায় আগ্রহীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠছে।
নাগেশ্বরীর আপডেট নিউজ-এর প্রতিনিধির সঙ্গে কথা বলেন মেলা পরিচালনা কমিটির সদস্যরা। তারা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩০ জুলাই মেলার কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। তবে কোনো অনিবার্য কারণে মেলার সময়সীমা আরও ৫ থেকে ৭ দিন বাড়ানো হতে পারে।
এবারের মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে নানা ধরনের আকর্ষণ। শিশু ও পরিবারের সদস্যদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা। এছাড়া সৈয়দপুরের ঐতিহ্যবাহী রংমহল সার্কাস, বিভিন্ন চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের অংশগ্রহণে নাচ-গানের আয়োজন, মোটরসাইকেল ও মাইক্রো স্টান্ট প্রদর্শনী, মনোমুগ্ধকর যাদু প্রদর্শনীসহ নানা বিনোদনমূলক অনুষ্ঠান রাখা হয়েছে।
মেলায় বিভিন্ন ধরনের পোশাক, প্রসাধনী, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, খেলনা ও খাবারের অসংখ্য দোকান বসেছে। আয়োজকদের আশা, মেলার বাকি সময়েও দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়বে এবং সুষ্ঠু পরিবেশে মেলার কার্যক্রম সম্পন্ন হবে।

0 Comments