Ticker

6/recent/ticker-posts

প্রস্তাবিত রামমূর্তি বন্ধে কুড়িগ্রামে মানববন্ধন


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ৮:৩৬ পিএম


গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্তাবিত ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা’।

শনিবার (৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সংগঠনটির সমন্বয়ক আখম আশরাফুর রহমান, শাহিনুর রহমান, মনজুরুল হক, আহমেদ তালুকদার ও রাসেল মিয়া বক্তব্য দেন।

বক্তারা বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ এবং এটি উসকানিমূলক। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে ভারতের কঠোর হিন্দুত্ববাদী আগ্রাসনের কারণে বাংলাদেশ ও ভারতের মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অভিযোগ, বাংলাদেশে বিশাল রামমূর্তি নির্মাণের উদ্যোগও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা।

সমাবেশে বক্তারা অবিলম্বে প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ কার্যক্রম বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, মূর্তি নির্মাণের উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট হরিদাস চন্দ্র তরণীদাস অতীতে প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। বক্তাদের দাবি, কারাগার থেকে মুক্তির পর তিনি বিপুল অর্থ ব্যয়ে রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এ অর্থের উৎস এবং সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচির সমাপ্তি হয়।

Post a Comment

0 Comments